নাহার গ্রুপের বিরুদ্ধে পাহাড় কেটে প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ইউএনও

0

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় নাহার গ্রুপের নব নির্মিত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া আক্তার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাহাড় কাটার অপরাধে ৪ দিনের জন্য কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আগামী রবিবারে নব নির্মিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খোকা চেয়ারম্যানের পাহাড় নামে পরিচিত একটি পাহাড় কেটে নাহার গ্রুপে প্রতিষ্ঠান করছে। পাহাড়ের আশে পাশে জমি ও ক্রয় করতে স্থানীয়দের বিভিন্ন ধরনের প্ররোচনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, নাহার গ্রুপ পাহাড় কেটে প্রতিষ্ঠান করছে। এর আগে সড়ক বিভাগের জায়গা দখল করেছে। এখন নতুন করে পাহাড়ের পাশে জমি বিক্রির জন্য বলছে। জমি বিক্রি না করায় নাহারের ময়লা ও ধোঁয়া দিয়ে ফসল নষ্ট করছে।

এ বিষয়ে নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনোজ কুমার চৌহান বলেন, কোন ধরনের পাহাড় কেটে প্রতিষ্ঠান করা হচ্ছে না। এই জায়গা নাহার গ্রুপ ক্রয় করেছে। প্রতিষ্ঠান করার অনুমতি বিষয়ে জানেন না বলেও উল্লেখ করেন নাহার গ্রুপের এ কর্মকর্তা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া আক্তার জানান, নাহারের নব নির্মিত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র আগামী রবিবারে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আপাতত মৌখিকভাবে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।