চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সারাবছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয়ের জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার, ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন-১ শাখা।
এছাড়া আরও রয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল)।
আরও রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, প্রকল্প পরিচালক, চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।


