অপরাধ দমনে কঠোর বার্তা দিলেন চট্টগ্রামের পুলিশ সুপার

0

পেশাদারত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। রোববার (১৭ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

​গত ৭ মে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রামের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান তিনি।

​মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, বন্দরনগরী চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অঞ্চল। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের প্রধান অগ্রাধিকার। পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘টিম চট্টগ্রাম’ হিসেবে আমরা কাজ শুরু করেছি।

তিনি বলেন, চট্টগ্রাম জেলার সব থানায় মানবিক পুলিশিং প্রতিষ্ঠা আমার লক্ষ্য। যে কর্মকর্তা তা করতে পারবেন না, তাকে চলে যেতে হবে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মধ্যে আরেকটা দেশ সৃষ্টি হওয়ার সুযোগ নেই। জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে। রাস্তাঘাটের উন্নয়ন হবে। এখনও দুটি পুলিশ ক্যাম্প আছে। সুতরাং অপরাধীরা কোনো সুযোগ এখানে আর পাবে না।

​অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে এসপি মো. মাসুদ আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের একার পক্ষে সব অপরাধ দূর করা সম্ভব নয়। তথ্য আদান-প্রদান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আপনারা যদি পুলিশকে সহযোগিতা করেন, তবে অপরাধীদের দমন করা অনেক সহজ হবে। ভালো কাজের যেমন প্রশংসা পাবেন, তেমনি পুলিশের কোনো বিচ্যুতি থাকলে তাও আপনারা সুনির্দিষ্টভাবে তুলে ধরবেন।

​সভায় তিনি মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাং কালচার বন্ধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো ধরনের চাঁদাবাজি ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ প্রমাণিত হলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।

​মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা চট্টগ্রামের আঞ্চলিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক জ্যাম, মাদক ব্যবসা এবং স্থানীয় নানা সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

নবাগত এসপি সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।