পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল চারটায় উপজেলার ক্রসিং এলাকা থেকে উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলা যুবদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে কলেজ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন মনির, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ ফারুক, সদস্য সচিব দিদারুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতির বক্তব্যে যুবদলের আহবায়ক নুরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কর্ণফুলী উপজেলা বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় আমরা প্রস্তুত।’


