ঢাকায় যুক্তরাষ্ট্র প্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ম্যানহাটনে সংবাদ সম্মেলন

0

ঢাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীর ছেলে শিহাব উদ্দিন মালেক (সাগর) খুনকে ঘিরে চাঞ্চল্য সষ্টি হয়েছে। পরিবারের দাবি, হানি ট্র্যাপে ফেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবার। এরই মধ্যে মামলার প্রধান আসামী মাহজাবিন ইসলাম রিয়ার আদালত থেকে জামিন গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাগরের পরিবার ও সন্দ্বীপ সোসাইটি ইউএসএ পরিবার।

গত ২২ সেপ্টেম্বর সাগরের চাচা আনোয়ার সিপিএ নিউইয়র্কের ম‍্যানহাটনে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রকৃত বিচার দাবি করেন। এসময় জাতিসংঘে আগত বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার সিপিএ বলেন, আমরা এর সুষ্ঠু বিচারটা চাই। যথাযথ তদন্তের মাধ্যমে যারা এ খুনের সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

সাগর হত্যার ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট গরমিলের অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত রিয়া সাগরকে বটি হাতে হত্যার হুমকি দিতে দেখা যাওয়ার মত সুষ্পষ্ট আলামত থাকা সত্বেও মামলার প্রধান আসামী মাহজাবিন ইসলাম রিয়া হাইকোর্ট থেকে কিভাবে জামিন পেয়ে যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমতাবস্থায় মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এ হস্তান্তরের দাবিও জানান তিনি।

উল্লেখ্য, নিহত শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬) যুক্তরাষ্ট্র প্রবাসী কনস্ট্রাকশন ব্যবসায়ী ও ব্রুকলিনের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার পৈত্রিক বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সাগর ২০১৮ সালে চট্টগ্রামে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে ঢাকায় চলে আসেন এবং গাড়ির ব্যবসা শুরু করেন। এরই মধ্যে তার সাথে মাহজাবিন ইসলাম রিয়া নামের এক মেয়ের পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রিয়া সাগরের অর্থ আত্মসাতের লক্ষে তাকে হানি ট্র্যাপে ফেলে তার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। যথারীতি সাগর তাকে বিয়ের প্রস্তাব দিলে রিয়া বিয়ে করতে গড়িমসি ও একপর্যায়ে অমত পোষণ করে। এতে করে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

পরিবারের ভাষ্য, গত ১৯ আগস্ট সকাল ১০টা ৫ মিনিটের ফ্লাইটে সাগর ঢাকায় আসেন। ২১ আগস্ট দুপুর ৫টা ১৫ মিনিটে ফেরার জন্য তিনি টিকিট করেছিলেন বলেও পরিবারের কাছে তথ্য রয়েছে। এরই মধ্যে ২০ আগস্ট ভাটারা থানা এলাকায় একটি এপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।