মিরসরাইয়ে বোনদের সম্পত্তি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

0

চট্টগ্রামের মিরসরাইয়ে ১ একর ১৫ শতক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ভাই খায়রুল বশরের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শামিমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে শামিমা আক্তার অভিযোগ করেন, মিরসরাইয়ের পশ্চিম মায়ানী এলাকায় তাঁর বাবা মরহুম খায়েজ আহাম্মদ জীবদ্দশায় ১ একর ১৫ শতক জমি হেবা ঘোষণা করেন। পরে তিনি ওই সম্পত্তির নামজারি করে নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে আসছিলেন। তবে সম্প্রতি তাঁর ভাই খায়রুল বশর জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করেন। প্রতিবাদ করায় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন শামিমা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

তবে সম্পত্তি দখলের অভিযোগ অস্বীকার করেছেন খায়রুল বশর। তিনি বলেন, তাঁর বাবার সব সম্পত্তির বিষয়ে ১৪৫ ধারার কার্যক্রমের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিদেশ থেকে ফিরে শামিমা আক্তার হঠাৎ সব সম্পত্তি নিজের দাবি করছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, জায়গা-সম্পত্তি দখলের বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।