চট্টগ্রামের আনোয়ারায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় তাদের স্লোগান দিতেও দেখা যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যান। ফলে যান চলাচলও দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ যাওয়ার আগেই অবরোধকারীরা সরে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


