চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে লক্ষ্য করে ২৫-৩০ রাউন্ড গুলি

0

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। গতকাল সোমবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইকরাম চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পেছনে ফরেস্ট গেইটের বাসা থেকে নিচে নামতেই দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ইকরাম প্রাণ বাঁচাতে পাশের একটি ভবনে আশ্রয় নিলে তারা ওই ভবনে ঢুকে তার উপর গুলি ছোড়ে।

প্রকাশ্যে সড়কে সিনেমা স্টাইলে অস্ত্রধারীরা ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। ইকরাম কোমর ও পায়ে গুলিবিদ্ধ হন। গুলি শেষে অস্ত্রধারীরা হেঁটে এলাকা ত্যাগ করেন। পরে তারা মোটরসাইকেলে করে মুরাদপুরের দিকে চলে যান। আকস্মিক গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণভয়ে পালাতে থাকে।

আহত ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগেও তাকে মারার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়েছিল বিদেশে পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ ও সন্ত্রাসী রায়হান।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) কাজী মো. বিধান আবিদ বলেন, প্রাথমিকভাবে জেনেছি মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুকক গুলি করে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখছি। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।

ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি সাংবাদিকদের বলেন, দুপুরে বাসা থেকে নিচে নেমেছিলেন ইকরাম। এ সময় তাকে গুলি করা হয়। এ ঘটনার জন্য স্মৃতি সন্ত্রাসী বড় সাজ্জাদ, তার অনুসারী রায়হান, সাবের ও ইসমাইল নামে কয়েকজনকে দায়ি করেছেন।

এর আগে ২০ মার্চ ইকরামের স্ত্রী স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছিলেন। যেখানে তিনি সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার কারণে এ হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিঙ্ক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকেই গ্রেফতার করেছিল র‌্যাব। এ সময় র‌্যাবের দাবি ছিল ইকরামের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের দুইটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। তবে এ ঘটনায় ইকরামকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী স্মৃতি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।