সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানের অসীমা চৌধুরী ও তার ছেলে অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অসীমার স্বামী প্রকৌশলী সরূপ বিশ্বাস। তাদের মেয়ে গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছে।
গত সোমবার রাতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাদের ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। এতে মা ও ছেলের মৃত্যু হয়। আহত সরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অসীমা চৌধুরীর বাবার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আধার মানিক গ্রামে। তিনি আধার মানিক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তার স্বামীর বাড়ি বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকায়। দীর্ঘদিন ধরে তারা পরিবার নিয়ে আবুধাবিতে বসবাস করছিলেন।
অসীমা আবুধাবির একটি ভ্রমণ সংস্থায় কাজ করতেন। পাশাপাশি সংগীতচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
প্রবাসে থাকলেও স্কুলের সহপাঠীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য ‘স্কুল ৯৩’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় ছিলেন তিনি।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও ওই গ্রুপে বন্ধুদের সঙ্গে কথা বলেছিলেন অসীমা। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহপাঠী ও বন্ধুরা।
অসীমা চৌধুরী ও তার ছেলে অরিত্র বিশ্বাসের মরদেহ আবুধাবির বানিয়াস কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে।


