চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উদযাপন

0

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক (ডা.) অসীম কুমার বড়ুয়া। ডেন্টাল ইউনিটের প্রতিষ্ঠার ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. মো. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ দেশের অন্যতম সুনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে পরিচিতি অর্জন করেছে। এর অধীনে পরিচালিত ডেন্টাল ইউনিটও এ সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ফাউন্ডেশন ডে উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের অভিনন্দন জানান।

বিশেষ অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নগরবাসীর চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতালের ক্যান্সার হাসপাতাল ইতোমধ্যে চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে। নতুন ডেন্টাল ইউনিটও এ ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সুলতানা রুমা আলম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ, উপাধ্যক্ষ অধ্যাপক মো. আলি হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক ও হাসপাতাল কর্মকর্তারা।

ফাউন্ডেশন ডে উপলক্ষে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ডেন্টাল সার্জনরা অংশ নেন।

বৈজ্ঞানিক সেমিনারে সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পেপসোডেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকেরা বলেন, ডেন্টাল সার্জনদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে পেপসোডেন্টের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিকিৎসাসেবার মান উন্নয়ন ও পেশাগত অগ্রযাত্রায় এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।