ঈদে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সিএমপির, টহলে বোম্ব ডিসপোজল টিমসহ বিশেষ বাহিনী

0

ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) নানা আয়োজন করেছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সিএমপির বোম ডিসপেজল ইউনিটসহ বিশেষায়িত সব বাহিনী মাঠে নেমেছে। চালু করেছে ৫টি সাব-কন্টোল রুম। ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নগরীর ৮টি থানা এলাকার ১১টি গরু বাজারের নিরাপত্তা তদারকি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টায় সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এসব জানান। এসময় সিএমপির তিন অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ, শামসুল আলম, সানা শামীনুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিএমপি কমিশনার বলেন, ঈদে কেউ পুরো বাড়ি খালি করে গ্রামে যাবেন না। আমাদের গোয়েন্দা বিভাগের মোবাইল টিম, বোম্ব ডিসপোজাল টিম, সুইপিং টিম, স্ট্রাইকিং রিজার্ভ, কুইক রেসপন্স টিমের পাশাপাশি মাঠে আছে র‌্যাব। ক্রাইম সিন ভ্যান এবং ফায়ার সার্ভিসও রয়েছে। প্রতিটি থানা তো ২৪ ঘন্টা নাগরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেই। সাথে অলংকার বাস স্ট্যান্ড, নতুন রেলওয়ে স্টেশন, বহদ্দারহাট বাস টার্মিনাল, একে খান মোড়, কর্ণফুলী ব্রীজ গোলচত্বরে আমরা আরও ৫টি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম চালু করেছি।

পশুর হাট কেন্দ্রিক বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ সিএমপি কমিশনার বলেন, পশুবাহী ট্রাক জোরপূর্বক যেন কোন হাটে কেউ নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুমোদিত হাট এবং অবৈধ খুঁটির ব্যবসা যেন কেউ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নগদ অর্থ পরিবহনে পুলিশি এস্কর্টের ব্যবস্থা রয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নগরে আসা পশুবাহী খালি ট্রাক ফেরত যাওয়ার সময় যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ। এই সুযোগ যেন কেউ না পায় পুলিশ সতর্ক রয়েছে। পাশাপাশি বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, নৌযানঘাট ও মার্কেট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদ জামায়াতের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বড় ঈদ জামায়াতে চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃক কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া অন্যান্য মসজিদে ঈদ জামায়াতের নিরাপত্তা থানা ও ফাঁড়ি থেকে প্রদান করবে। ঈদ জামায়াত কেন্দ্রিক পিকেট ডিউটি, থানার নিয়মিত মোবাইল ডিউটি, সাদা পোষাকে পুলিশী ব্যবস্থা এবং ডিবি টিম মোতায়েন থাকবে।

ট্রাক কিংবা মিনি ট্রাকে সাউন্ড বক্স ভাড়া করে উচ্চ শব্দে গান বাজানো ডিজে আয়োজকদের আইনের আওতায় আনা হবে বলেও সাবধান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।