কক্সবাজারে জনপ্রিয় হয়ে উঠছে ‘পাহাড়ি’ বাজার

কক্সবাজার শহরের বার্মিজ স্কুলের পাশের রাস্তায় মঙ্গল ও শনিবার হলেই ভিন্ন রূপ ধারণ করে। রাস্তার দুই পাশে সারি সারি দোকান—যেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ, বিশেষ করে নারীরা, সাজিয়ে রাখেন পাহাড়ি শাক–সবজি, ফল, মিষ্টি আলু, কুমড়া, আর নানা রকম পিঠা। ক্রমেই স্থানীয়দের কাছে এই বাজারটি ‘পাহাড়ি বাজার’ নামে পরিচিতি পেয়েছে।

বাজারের বেশিরভাগ বিক্রেতাই বান্দরবান থেকে আসেন। নিজেদের জমিতে উৎপাদিত কিংবা পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা পণ্য ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে আসেন তারা। লামা উপজেলা থেকে আসা বিক্রেতা মাচে সিং বলেন, ‘দূর এলাকা থেকে আসি, তাই দাম খুব কমানো যায় না। তবে দিন শেষে এক থেকে দেড় হাজার টাকা আয় হয়।’

রাখাইন সম্প্রদায়সহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালিরাও নিয়মিত ক্রেতা। স্থানীয় বাসিন্দা ফজলুল করিম জানান, ‘এখানকার সব পণ্যই জৈব ও কেমিক্যালমুক্ত।’

পরিবেশবান্ধব এই বাজারে পলিথিনের ব্যবহার নেই বললেই চলে। পণ্য রাখা হয় কলাপাতা, কলাগাছের ছাল এবং বাঁশের ঝুড়িতে। ক্রেতারাও নিজের ব্যাগ সঙ্গে নিয়ে আসেন। নির্দিষ্ট ওজন বা দর না থাকায় দরদাম করেই মূল্য নির্ধারণ করা হয়, তবে তা সাধারণত সহনীয় থাকে। কিছু বাঙালি ব্যবসায়ী এখানে শুঁটকিও বিক্রি করেন।

কক্সবাজার পৌরসভার কর্মচারী মং ওয়ান রাখাইন জানান, ‘২০২২ সালে কয়েকজন পাহাড়ি নারী বসা শুরু করলে বাজারটির সূচনা হয়। এখন প্রতি সপ্তাহে ৩০–৩৫ জন বিক্রেতা আসেন।’

ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা এই ‘পাহাড়ি বাজার’ কক্সবাজারের পরিবেশবান্ধব ও বৈচিত্র্যময় বাজার সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।