একসময় কক্সবাজার সমুদ্রসৈকতের বালুচরে দল বেঁধে ছুটে বেড়াত হাজারো লাল কাঁকড়া। তাদের বিচরণে সৈকতের বালুতে তৈরি হতো বিচিত্র নকশা। তবে পর্যটকের চাপ, মানুষের অবাধ চলাচল, যানবাহন, শব্দদূষণ ও পরিবেশগত পরিবর্তনে দিন দিন কমে যাচ্ছে এই কাঁকড়ার উপস্থিতি।
লাল কাঁকড়া সাধারণত বালুচরে গর্ত তৈরি করে বসবাস ও প্রজনন করে। কিন্তু পর্যটকদের পদচারণা, যানবাহনের চাকার চাপ এবং অস্থায়ী স্থাপনা নির্মাণে তাদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সৈকতের প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
তবে লাল কাঁকড়ার সংখ্যা কমে যাওয়ার প্রকৃত কারণ জানতে এখনো প্রয়োজন বৈজ্ঞানিক জরিপ ও গবেষণা। তাদের প্রজননক্ষেত্র এবং বিচরণস্থল চিহ্নিত করে সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশসংশ্লিষ্টরা।
এদিকে কক্সবাজারের উখিয়ায় পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে সভায় পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি দপ্তর, পরিবেশবাদী সংগঠন ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উখিয়ার পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
পরিবেশসংশ্লিষ্টদের মতে, কক্সবাজার সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় লাল কাঁকড়ার আবাসস্থল চিহ্নিত করা, সংবেদনশীল বালুচরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং নির্বিচারে স্থাপনা নির্মাণ বন্ধ করা জরুরি।
পর্যটন উন্নয়নের পাশাপাশি সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এখনই কার্যকর উদ্যোগ না নিলে লাল কাঁকড়ার পরিচিত বিচরণ দৃশ্য একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।


