২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

0

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপ চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দলগুলোর সহযোগিতা চাইবে কমিশন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে পৃথক বৈঠক হবে।

ইসির রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে নির্দলীয়ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি। পরবর্তী চার ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।

এদিকে আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগের প্রস্তুতিও শুরু করেছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্যানেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।