চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়।
দগ্ধরা হলেন মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের তিন বছর বয়সী মেয়ে আরিফা। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার থেকে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনুসন্ধানে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়েছে।


