চট্টগ্রামে রং-পোড়া মবিল দিয়ে নামি ব্র্যান্ডের নকল পণ্য, কারখানা সিলগালা

0

চট্টগ্রামে রং ও পোড়া মবিল মিশিয়ে নামিদামি ব্র্যান্ডের নামে নকল মবিল তৈরির অভিযোগে জয়শ্রী অটোমোবাইলস নামের একটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া পৃথক অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কদমতলী ও দেওয়ানহাট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশ।

অভিযানে কদমতলীর জয়শ্রী অটোমোবাইলস কারখানায় রং ও পোড়া মবিল মিশিয়ে শারলু, আরএসএম, মটলু ও ক্যাস্ট্রলের মতো ব্র্যান্ডের নামে মবিল তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে কারখানাটি সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিদপ্তরের শুনানিতে তলব করা হয়েছে। শুনানি শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে বাসি রান্না করা খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দেওয়ানহাট মোড়ের তাজ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।