কক্সবাজারে বিদেশি পর্যটক হয়রানি, দুই ঘোড়া চালক আটক

কক্সবাজার সৈকতে পর্যটকদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। কক্সবাজার সৈকতে মাত্র ২০ মিনিট ঘোড়ায় চড়িয়ে এক বিদেশি পর্যটকের কাছ থেকে জোরপূর্বক ৪ হাজার টাকা আদায় করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে দুই ঘোড়া চালককে আটক করেছে টুরিস্ট পুলিশ। রবিবার বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ঘোড়া চালকরা পশ্চিম কলাতলীর বাসিন্দা সৈয়দ হোসেন (২৪) ও কলাতলী বড় মসজিদ এলাকার রবিউল হাসান (১৮য়

টুরিস্ট পুলিশ সূত্র জানায়, মি. মির্জা নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক পর্যটক দীর্ঘ ২৫ বছর পর দেশে আসেন। তিনি কক্সবাজার বেড়াতে এসে ঘোড়া চালকের কাছে হয়রানির শিকার হন। মি. মির্জা হোটেল থেকে বিকেলে সৈকতে ঘুরতে যান। সৈকতে ঘোড়া দেখে শখের বসে ঘোড়ায় চড়তে যান। মাত্র ২০ মিনিট ঘোড়ায় চড়ার বিনিময়ে ৬ হাজার টাকা দাবি করে বসে ঘোড়া চালক। একপর্যায়ে ওই পর্যটককে জোরপূর্বক ৪ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। পরে বিষয়টি টুরিস্ট পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ঘোড়া চালককে আটক করা হয়।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সৈকতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটন নগরী কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।