চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশৃঙ্খলা ও চাঁদাবাজির বন্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-বন্দর বিভাগ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় বিভিন্ন যানবাহনের চালক-মালিক ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময়ে বন্দর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এর নির্দেশনার এসব তথ্য নিশ্চিত করেন কর্ণফুলী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মশিউর রহমান।
মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, থ্রি-হুইলার, ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসানোর পদক্ষেপও নিবেন বলে জানান তিনি।
এরআগে সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার গুরুত্বপূর্ণ মইজ্জ্যারটেক এলাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-বন্দর বিভাগ।
এসময় দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার মইজ্জ্যেরটেক এলাকার সিএনজি অটোরিকশা চালক, মালিক এবং সাধারণ পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুলিশের নাম ব্যবহার করে কোনো ধরনের টোকেন বাণিজ্য বা অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে জাতীয় মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী কিছু যানবাহনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টোকেন প্রদর্শনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চালক ও মালিকদের সতর্ক করতে এবং জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো সিএনজি চালক বা মালিককে মহাসড়কে চলাচলের জন্য টাকার বিনিময়ে টোকেন গ্রহণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে, কোনো ব্যক্তি যদি পুলিশের নাম ব্যবহার করে টোকেন বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে সুবিধা দেওয়ার আশ্বাস দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানো, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি পার্কিং, অনটেস্ট বা কাগজপত্রবিহীন সিএনজি পরিচালনা এবং ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে মূল সড়ক ও উড়ালপথ ব্যবহার না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ আরও জানান, গ্রাম সিএনজি ও অনটেস্ট সিএনজি মহানগর এলাকায় চলাচলের ক্ষেত্রে বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক। অন্যথায় আইন অনুযায়ী গাড়ি জব্দ করা হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত অটোরিকশার মহাসড়কে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
কর্ণফুলী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মশিউর রহমান বলেন, ‘সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা চালকদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, টোকেনের নামে কোনো ধরনের অর্থ লেনদেন বৈধ নয়। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, সাধারণ মানুষ এবং পরিবহন শ্রমিকদের সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা চাই, কর্ণফুলী ও বন্দর এলাকার মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত থাকুক।
এসময় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মহাসড়কে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবেনা। কেউ চাঁদাবাজিতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে সচেতন করতে পারলে দুর্ঘটনা ও অনিয়ম দুটোই কমে আসবে।


