দুবাইয়ের হিপা পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

0

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মর্যাদাপূর্ণ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার (হিপা) জিতেছেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান। ‘পরিবার’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের আসরে তিনি ২ লাখ মার্কিন ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছেন।

গত ১০ নভেম্বর দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন পিনু রহমান।

ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের মধ্যে কংক্রিটের দেয়ালের পাশে ঘুমিয়ে থাকা একটি পরিবারের ছবি তুলে এ পুরস্কার জিতেছেন তিনি। ওই অগ্নিকাণ্ডে দেড় হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে যায়।

ছবিটিতে ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও পরিবারের বন্ধন, প্রতিকূলতার মুখে মানুষের টিকে থাকার লড়াই এবং ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফুটে উঠেছে।

এবারের হিপা পুরস্কারের আয়োজন ছিল ‘পরিবার’ প্রতিপাদ্যে। মানুষের সম্পর্ক, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সীমান্ত ছাড়িয়ে যাওয়া মানবিক গল্প আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবারের আয়োজনে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।