রাঙ্গুনিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও মৌসুমের শুরুতে বাজারে ভালো দাম পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন এলাকায় চলছে জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যার কাজ। মাঠজুড়ে এখন শীতকালীন সবজি চাষের কর্মব্যস্ততা।

উপজেলার ইছামতী নদীর তীরবর্তী এলাকা ছাড়াও সৈয়দবাড়ি, ঘাটচেক, পদুয়া, সরফভাটা, বেতাগী, পোমরা ও ইসলামপুরসহ বিভিন্ন ইউনিয়নে আগাম শীতকালীন সবজি চাষ করছেন কৃষকরা। এসব জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বেগুন, টমেটোসহ নানা জাতের সবজি আবাদ হচ্ছে। কোথাও চারা রোপণ শেষ হয়েছে, আবার কোথাও গাছে ফল আসতে শুরু করেছে।

কৃষকদের আশা, মৌসুমের শুরুতে বাজারে আগাম সবজির চাহিদা ও দাম তুলনামূলক বেশি থাকায় এবার ভালো লাভের মুখ দেখবেন তারা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকটা দুশ্চিন্তায়ও রয়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, আগের মতো কৃষিকাজ করে এখন আর লাভবান হওয়া যাচ্ছে না। সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমির খাজনাসহ সব ধরনের উৎপাদন খরচ বেড়েছে। এতে কৃষিকাজে লাভের পরিমাণ কমে গেছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ, সহযোগিতা ও কৃষি উপকরণ দিয়ে পাশে দাঁড়ালে প্রান্তিক কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। এদিকে রাঙ্গুনিয়ায় সবজি চাষে নারীদের অংশগ্রহণও বাড়ছে। জমিতে চারা রোপণ, পরিচর্যা ও সবজি সংগ্রহসহ কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাঙ্গুনিয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা 1

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, চলতি বছর উপজেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার হেক্টর জমিতে। গত বছর এ লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০০ হেক্টর। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৩০০ হেক্টর বেশি জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগাম ধান কাটার পর অনেক জমিতে কৃষকরা সবজি চাষ শুরু করেছেন। ইতোমধ্যে অনেক এলাকায় সবজির চারা রোপণ শেষ হয়েছে এবং কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। আশা করা হচ্ছে, রাঙ্গুনিয়ার স্থানীয় সবজির চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও সবজি সরবরাহ করা সম্ভব হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতারাঙ্গুনিয়া দিয়ে উপজেলা কৃষি বিভাগ সবসময় তাদের পাশে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।