বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে সরকার।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ উদ্যোগের আওতায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো স্থাপনের পরিকল্পনা করেছে।
জানা গেছে, প্রস্তাবিত অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের (এআইএস) মাধ্যমে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে। কোনো নির্দিষ্ট এলাকায় স্যাটেলাইটের পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার পর্যবেক্ষণের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ প্রযুক্তি চালু হলে গভীর সমুদ্রে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগে পড়লে তার অবস্থান শনাক্ত করে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধার অভিযান পরিচালনা সহজ হবে। পাশাপাশি অবৈধ মাছ ধরা, অতিরিক্ত মৎস্য আহরণ নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাতেও সহায়তা মিলবে।
বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, নৌযানের যাত্রাপথ পরিকল্পিতভাবে নির্ধারণ করা গেলে একেকটি নৌযানে প্রতি যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় হতে পারে। এতে বছরে প্রায় ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন ও অবকাঠামো নির্মাণের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্য রয়েছে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। এটি জেলেদের নিরাপত্তা, সামুদ্রিক অর্থনীতি এবং সমুদ্রসীমার নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।


