কিশোর গ্যাং ও মাদক রুখতে মোমবাতিতে ভোট দেওয়ার আহ্বান

কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি ‘মোমবাতি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকাল থেকে দিনভর তিনি মিন্নত আলী দোভাষী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।

গণসংযোগকালে এস এম শাহজাহান বলেন, “কিশোর গ্যাং ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজন। আলেম-ওলামাদের নেতৃত্বে সৎ ও যোগ্য প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে।”

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। স্থানীয়রা তাদের প্রত্যাশা ও দাবি তুলে ধরলে তিনি তা বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন স. ম. হামেদ হোসাইন, ডি. আই. এম জাহাঙ্গীর আলম, মাওলানা মোজাহেরুল ইসলাম, জাহেদুল হক, আবদুল আলীম, ইসমাঈল হোসেন, নুরুল করিম রিপন, মাহবুব আলম, হুমায়ুন কবির ছোটন, তানভির জিসান, আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।

মন্তব্য নেওয়া বন্ধ।