খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ জনকে আটক করেছে পুলিশ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পান নেতাকর্মী ও এলাকাবাসী। খবর পেয়ে গুইমারা থানার পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ওসি বলেন, রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা চান্দের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর সাড়ে ৩টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে, গত শনিবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


