চট্টগ্রাম নগরের টাইগারপাস–লালখান বাজার এলাকায় গ্রাফিতি অপসারণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার সকাল থেকে টাইগারপাস, লালখান বাজারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়, ফলে এলাকায় জনমনে চাপা উত্তেজনা বিরাজ করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট ফ্লাইওভার পর্যন্ত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে গ্রাফিতি অপসারণের অভিযোগের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, তিনি কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেননি। তার ভাষায়, পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে পোস্টার অপসারণ করেছে, যেখানে কিছু গ্রাফিতি আড়ালে পড়ে গিয়েছিল।
গ্রাফিতি অপসারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনার মধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার রাতেও টাইগারপাস এলাকায় গ্রাফিতি ঘিরে এনসিপি ও বিএনপি স্থানীয় নেতাদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


