কাল শুক্রবার অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরীর ২০ কেন্দ্রে জরুরিভাবে কিছু সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র সমূহের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার করা যাবেন না।
একইসাথে মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
যেসব কেন্দ্রে পরীক্ষার হবে সেগুলো হলো- সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ইসলামিয়া ডিগ্রি কলেজ, সরকারি কমার্স কলেজ, ওমরগণি এমইএস কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এনায়েত বাজার মহিলা কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, গভঃ মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ।


