চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস (৫৫) মারা গেছেন। পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরে বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ। তিনি বলেন, আমার সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল।
নিহত আবদুল কুদ্দুস চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার আবু ইউসুফ মজুমদারের ছেলে বলে জানা গেছে।
এর আগে, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন আবদুল কুদ্দুস। পরে চালকের সহায়তায় অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক হঠাৎ তাকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। এতে তিনি সড়ক বিভাজকের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান।
ঘটনার দিনই পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


