চট্টগ্রাম নগরীর হালিশহরে আগুনে পুড়েছে কমপক্ষে ১০টি বসতঘর। আগুনে বসতঘরসহ সহায়-সম্বল হারিয়ে আহাজারি করতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি নেভানোর কাজ শুরু করে। ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’
তিনি আরও জানান, লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ১০ থেকে ১২টি সেমিপাকা ও কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।


