চট্টগ্রামের আনোয়ারায় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে দুই দিন যান চলাচল বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে কৈনপুরা, মহতরপাড়া ও বড়উঠান এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, বড়উঠান রাস্তার মাথা এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী কালারপুল খালের মহতরপাড়া অংশ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে প্রায় এক কিলোমিটার পাইপলাইনে জমি ভরাট করছেন। বাড়িঘর ও সড়কের ওপর দিয়ে পাইপলাইন নেওয়ায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় রোববার উপজেলা প্রশাসনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধের নির্দেশ দেন। এরপর ক্ষুব্ধ বালু ব্যবসায়ীরা অটোরিকশা চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে হয়।
স্থানীয় ইউপি সদস্য আবু কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, অভিযোগের ভিত্তিতে বালু ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে যান চলাচল বন্ধের বিষয়টি তাকে কেউ জানাননি।


