চট্টগ্রামে ইন্টারনেট সেবার এক কোম্পানিতে হামলার দুই দিনের মাথায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে নগর পুলিশ তাদের গ্রেপ্তারের তথ্য দিলেও হামলা-ভাঙচুরের ভিডিওতে তাদের দেখা গেছে কি না, সেটি এখনো নিশ্চিত হতে পারেনি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
পুলিশ বলছে, ইউনুসের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও মানবপাচারসহ পাঁচটি এবং ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ ১২টি মামলা আছে।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহম্মেদ।
গ্রেপ্তার ব্যক্তিদের কয়জনকে হামলার ভিডিওতে দেখা গেছে, এ প্রশ্নে ফয়সাল আহম্মেদ বলেন, “লোকাল সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে তাদের ধরা হয়েছে। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, সেটি তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”
এর আগে, সোমবার দুপুরে বন্দর নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবার কোম্পানিতে হামলা-ভাঙচুর চালায় এক দল লোক।


