চট্টগ্রামে চালু ‘মহিলা বাস’ সার্ভিস, চালক-সহকারীও নারী

0

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম নগরে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস। প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে শুরু হওয়া এ সেবায় চালক ও সহকারী—দুই দায়িত্বেই থাকছেন নারী।

মঙ্গলবার দুপুরে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। একই দিনে ঢাকা ও বগুড়ার পাশাপাশি চট্টগ্রামেও বিশেষায়িত এ পরিবহনসেবা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।

তিনি বলেন, ‘সরকার যে উদ্দেশ্যে এ কর্মসূচি শুরু করেছে, তার মাধ্যমে নারীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারেন, সেটিই নিশ্চিত করা হবে। সরকারের অঙ্গীকার সরকার বাস্তবায়ন করছে।’

বিআরটিসি সূত্রে জানা গেছে, বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে কাপ্তাই রাস্তার মাথা, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ এ রুটে ১২টি নির্ধারিত পয়েন্টে নারী যাত্রীরা ওঠানামার সুযোগ পাবেন।

দূরত্বভেদে বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে সর্বোচ্চ ৬৮ টাকা। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত পুরো রুটের ভাড়া ৬৮ টাকা।

এ বাস সার্ভিসের অন্যতম বিশেষত্ব হলো, চালক ও সহকারী দুজনই নারী। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

নতুন বাস সার্ভিসে যাত্রা করা এক নারী বলেন, ‘সাধারণ বাসে চলাচলের সময় মেয়েদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এখানে চালক, সহকারী ও সহযাত্রী সবাই নারী হওয়ায় নিরাপত্তার অনুভূতি অনেক বেশি। দীর্ঘদিন ধরেই নারীদের জন্য আলাদা বাসের প্রয়োজন ছিল।’

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।