চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কক্ষ থেকে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী সন্তান ফাতেয়া আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকার হোটেল রিলেক্স জোন থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম মিরসরাইয়ের খৈইয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভগ্নিপতি মো. শাহরিয়ার ইফাজ হোসেন জানান, আমিনুলের সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার দুপুরে সন্তানের জন্মনিবন্ধন করার কথা বলে স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে বড়তাকিয়ার ওই আবাসিক হোটেল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহত স্ত্রী ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


