চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল।
তিনি জানান, মা-মেয়ে হত্যা মামলার আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।
এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় এনির পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া। এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন।
জানা যায়, সুদের টাকার বিষয় নিয়ে সুজন বড়ুয়ার পরিবারে নানা বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই গতকাল রাত ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজু বড়ুয়া। তিনি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে। এর মধ্যে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।


