চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা। তবে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এ আদেশ দেন। পাহাড়তলী কলেজের শিক্ষককে মারধর, পুলিশের ওপর হামলা, খুলশী থানার তৎকালীন ওসিকে হুমকি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও কিশোর হৃদয় হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় আলোচনায় আসেন বগা।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর হত্যা-হুমকি, চাঁদাবাজি, বসতঘরে ঢুকে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে খুলশী থানায় একটি মামলা হয়। নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা শেখ মুহাম্মদ আরিফ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়েছে। এতে বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, মামলার আসামি ওয়াকিল হোসেন বগা রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।


