কনটেইনার হ্যান্ডলিংয়ে বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে ‘রেকর্ড করেছে’ চট্টগ্রাম বন্দর। সর্বোচ্চ ৩৫ লাখ ৩১ হাজার ১১৩ টিইইউস কনটেইনার পরিবহন করেছে বন্দর; পাশাপাশি বেড়েছে কার্গো হ্যান্ডলিং এবং বন্দরে আসা জাহাজের সংখ্যাও।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘে্যর কনটেইনারকে একক ধরে)। সে হিসেবে ২০২৫-২৬ অর্থ বছরে কনটেইনার হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি হার ৭ দশমিক ১৩ শতাংশ।
২০২৫-২৬ অর্থ বছরে বন্দরে কার্গো হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি ৫ দশমিক ৬২ শতাংশ। এই সময়ে বন্দর জাহাজ হ্যান্ডলিং করেছে ৪ হাজার ৩৩৬টি। আগের অর্থ বছরের তুলনায় যা ২৫৯টি বেশি।
২০২৫-২৬ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়ও কমেছে। পাশাপাশি রাজস্ব আয় এবং রাজস্ব উদ্ধৃত্তও গত ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় বেড়েছে।


