চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৭ মার্চ) দুপুরে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

এবার চসিকের মোট ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মী প্রত্যেকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার পাচ্ছেন। এর আগে রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে দেশের ১২টি সিটি কর্পোরেশনের জন্য এই অর্থের চেক সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাই একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকাশক্তি। দিন-রাত পরিশ্রম করে তারা নগরবাসীর জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই ঈদ উপহার কর্মীদের প্রতি একটি মানবিক স্বীকৃতি, যা তাদের মনোবল আরও বাড়াবে।

তিনি বলেন, “চট্টগ্রামকে একটি ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

মেয়র আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিবর্তন এনে রাতের বেলায় ময়লা অপসারণ জোরদার করা হয়েছে, যার ফলে নগরের সার্বিক পরিচ্ছন্নতা উন্নত হয়েছে। তবে ময়লা পরিবহনের সময় রাস্তায় বর্জ্য পড়ে যাওয়া ও দ্রুতগতির কারণে দুর্ঘটনার ঝুঁকির বিষয়গুলোতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, দেওয়া ইউনিফর্ম ও সুরক্ষা সামগ্রী নিয়মিত ব্যবহার করলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং নগরের ভাবমূর্তিও উন্নত হবে।

নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে চসিক বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের লক্ষ্যে রিসাইক্লিং, বায়োগ্যাস, গ্রিন ডিজেল ও বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাসা থেকে সরাসরি বর্জ্য সংগ্রহের একটি উদ্যোগ নাগরিকদের আর্থিক আপত্তির কারণে বন্ধ করা হলেও এখন থেকে চসিক নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে এই সেবা চালু করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ চসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।