চা শ্রমিকদের কোনো ধরনের হয়রানি করা হলে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেন, কোদালা চা বাগানের শ্রমিকরা আমার ভাই-বোন, মা-খালার মতো। তাদের দেখাশোনা করা আপনাদের দায়িত্ব। যদি কোনো অভিযোগ পাই, তাহলে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত করে দেব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা চা বাগানে চা শ্রমিকদের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী আরও বলেন, আমি পরবর্তী সময়ে চা বাগানে আসার সময় ইউএনও ও প্রকৌশলীকে সঙ্গে নিয়ে আসব, যাতে রাস্তার কাজ সরেজমিনে দেখিয়ে দ্রুত শুরু করার তারিখ নির্ধারণ করা যায়।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চা শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ বা হয়রানি না করতে এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে।
এ সময় তিনি মন্দির উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ থেকে প্রায় ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়নের আশ্বাসও দেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


