জঙ্গল সলিমপুরকে ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হতে দেখেছি, কঠোর নিয়ন্ত্রণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে একসময় “রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র” হিসেবে গড়ে ওঠার পরিস্থিতি দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ দখলদারিত্ব কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা সামনে রেখে মহাসড়ক, পশুর হাট ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।

ব্রিফিংয়ে সম্প্রতি পুলিশ ও র‍্যাবের ওপর হামলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা শিগগিরই দৃশ্যমান হবে।

তিনি বলেন, “জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।” সেখানে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার ও দাগি আসামি গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই এলাকায় পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি ও ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসীদের কোনো ধরনের আশ্রয়স্থল থাকতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ঈদের সাত দিন আগে এবং সাত দিন পর পর্যন্ত বিশেষ নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে এবং জনবলও বাড়ানো হয়েছে।

টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যাত্রীদের সচেতনতা বাড়ালে এমন দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

পশুর হাটে জাল নোট ঠেকাতে বিভিন্ন হাটে শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ব্যাংকগুলোও এ বিষয়ে সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন।

অননুমোদিত পশুর হাট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো অনিয়ম দেখা গেলে তা জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টোল প্লাজায় যানজট কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর বিষয়েও সরকার ভাবছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হচ্ছে এবং সার্বিকভাবে উত্তেজনার কোনো বড় পরিস্থিতি নেই।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।