চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ জুন) র্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়। তিনি ওই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় এক র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে।


