জামায়াতের সমাবেশের আগে নিজ দায়িত্বে ব্যানার খুললেন বিএনপি প্রার্থী

আগামীকাল ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সৌহার্দ্যের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। সমাবেশস্থলের আশপাশ থেকে নিজ দায়িত্বে বিএনপির সব ধরনের ব্যানার ও ফেস্টুন খুলে নেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজ সড়কের আশপাশ এলাকা থেকে এসব ব্যানার অপসারণ করা হয়।

এ বিষয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, আমরা স্বৈরাচার আমলে ফিরে যেতে চাই না। আমরা চাই রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক সম্মান বজায় থাকুক। আমি রাঙ্গুনিয়ার সব শ্রেণি-পেশার মানুষের এমপি হতে চাই, সেবক হতে চাই।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সব দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখে।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে নতুন বাংলাদেশের রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ হিসেবে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। একাধিক পোস্টে লেখা হয়েছে—জামায়াতের সমাবেশ উপলক্ষে বিএনপি প্রার্থীর নিজ উদ্যোগে ব্যানার অপসারণ রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত। আমরা এমন বাংলাদেশই দেখতে চেয়েছি।

মন্তব্য নেওয়া বন্ধ।