টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা, হালিশহর, আকমল আলী রোড ও কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি ও দোকানেও পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভারী বৃষ্টির পর নিচু এলাকাগুলোতে হাঁটুসমান থেকে এর চেয়েও বেশি পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক অফিসগামীকে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকটেও ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, আগ্রাবাদ, বাকলিয়া, আকমল আলী রোড, সুন্নিয়া মাদ্রাসা রোড ও চকবাজারের অনেক বাসা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে আসবাবপত্র ও মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুই থেকে তিন দিন চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে **৩৩০ দশমিক ৮ মিলিমিটার** বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, আমবাগান আবহাওয়া অফিসে একই সময়ে **২৫৯ মিলিমিটার** বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


