চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হওয়ার পর এবার একই দুর্ঘটনায় সাত মাসের গর্ভের সন্তান হারিয়েছেন কাউসার আক্তার। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কয়েকটি যানবাহন দুমড়েমুচড়ে যায়। ওই সিএনজিতে যাত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শুক্রবার ভোরে মৃত পুত্রসন্তান প্রসব করেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতকের দাফন সম্পন্ন হয়। সন্তানকে দাফন করে শোকাহত স্বামী মোহাম্মদ আরিফ দ্রুত হাসপাতালে ছুটে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন কাউসারের জ্ঞান তখনো ফেরেনি।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর ধরে কাউসার আক্তার কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করছেন। তার সংসারে রাফি (১০) ও তাবাসসুম (৫) নামের দুই সন্তান রয়েছে। মায়ের আকস্মিক দুর্ঘটনায় দুই শিশুই এখন মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় তার পুত্রবধূর মাথায় গুরুতর আঘাত লাগে। এখনো তার জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম বারবার মাকে খুঁজছে। গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি, এখন পরিবারের একমাত্র চাওয়া কাউসার যেন সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসেন।


