চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
বুধবার আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন হাসপাতালের প্রতিনিধিরা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সহকারী ব্যবস্থাপক নিজাম উদ্দীন ও কর্মকর্তা মশিউর রহমান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনের সময়ে মানবিক সহায়তা দেওয়াকে প্রতিষ্ঠানটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে ঢেউটিনগুলো গুরুত্বপূর্ণ সহায়তা করবে।
চিকিৎসাসেবার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা।


