ডলফিনের পর এবার হালদায় ভেসে উঠল মরা রুই

দেশে কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে এবার ভেসে উঠলো ১০ কেজি ওজনের মরা রুই জাতীয় মা মাছ।

বুধবার (২৬ জুন) দুপুরের দিকে রাউজান উপজেলার উরকিরচর বাকর আলী চৌধুরী ঘাট ৪ নম্বর ওয়ার্ডের হালদা নদীতে এ মরা মা মাছ ভেসে উঠে।

উরকিরচর ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য কাওছার আলম বলেন, স্থানীয়রা মা মাছটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই। মাছটি পচে যাওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল তাই দ্রুত মাটি চাপা দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদায় মা মাছ ভেসে উঠলে অবশ্যই কর্তৃপক্ষকে জানানো উচিত। কারণ কিভাবে এ মাছ মারা গেছে সেটি গবেষণা করে দেখার একটি বিষয় থাকে। মা মাছটি দেখে ধারণা করা হচ্ছে এটি বিষক্রিয়ার মাধ্যমে মারা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৫ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে ৭ ফুট লম্বা মৃত ডলফিন উদ্ধার করা হয়। এছাড়া গত কয়েক দিন আগেও ১২ কেজি ওজনের একটি কাতলা মা মাছ মরে ভেসে উঠেছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।