ঢাকা-কক্সবাজার ট্রেন যাত্রার সময় কমাতে নতুন বাইপাস প্রকল্পের উদ্যোগ

সরকার ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন যাত্রাকে দ্রুত ও নির্বিঘ্ন করতে নতুন উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত একটি বাইপাস রেললাইন নির্মাণ হলে যাত্রার সময় কমে অন্তত ৪৫ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সংক্ষিপ্ত হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, নতুন বাইপাস কার্যকর হলে ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশনে ঢোকার ঝামেলা এড়িয়ে সরাসরি পাহাড়তলী-ঝাউতলা লাইন ব্যবহার করে কক্সবাজার যাবে। এতে যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি পাহাড়তলী, ষোলোশহর ও ঝাউতলায় নতুন স্টেশন সুবিধাও চালু হবে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চলাচল করছে। সড়কপথের তুলনায় যাত্রীদের জন্য ট্রেনগুলো স্বস্তিদায়ক হলেও, চট্টগ্রামে ইঞ্জিন রিভার্সিংয়ের কারণে প্রতিবার অন্তত ৪৫ মিনিট সময় নষ্ট হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাত্রা সহজ হবে এবং রেল অবকাঠামো আধুনিকায়নের সুযোগ তৈরি হবে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশন ব্যবস্থাপক গোলাম রব্বানী জানান, ঢাকা-কক্সবাজার রেলপথে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। রেলের টিকিট অনলাইনে মুক্তি পাওয়ার সঙ্গে সাথেই বিক্রি হয়ে যায়। যাত্রাপথের সময় কমে গেলে একদিকে যাত্রী ভোগান্তি কমবে, অন্যদিকে কক্সবাজারে ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।