তথ্য যাচাই না করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের ডিসি

0

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দেওয়া প্রতিক্রিয়ায় ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে পড়লে অনেকেই সত্যতা যাচাই না করেই সেটি বিশ্বাস করেন। বিশেষ করে নেতিবাচক তথ্য দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তথ্যটি ভুল হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে এক সেকেন্ড লাগে। কিন্তু বাস্তব চিত্র কী, তথ্যটি সঠিক কি না এবং সেই প্রতিক্রিয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না—এসব আমাদের ভাবতে হবে।’

সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডিজিটাল যুগে কোনো কিছু আড়াল করে রাখার সুযোগ কমছে। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার, নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে সম্পর্কিত তথ্যে নাগরিকের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, চট্টগ্রামের বিভিন্ন স্থানে এআইনির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রযুক্তি মানুষের বিবেক, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, তথ্য গ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আবেগ বা অন্ধ অনুসরণের পরিবর্তে যুক্তি, বিবেক ও বিচারবোধ কাজে লাগাতে হবে। একটি স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠায় সরকারি কর্মকর্তা ও নাগরিক—উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।