চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজখালী খালে পড়ে মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তিন দিন আগে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগে সকাল ৯টার দিকে মিনহাজ বাড়িতে সাইকেল রেখে এক বন্ধুর সঙ্গে বের হয়।
পরে রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সে খালে পড়ে যায়। সঙ্গে থাকা বন্ধু তাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন। পরে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, ‘মুহাম্মদ মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


