নির্মাণাধীন ভবনে রঙের কাজ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

0

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় নিচে পড়ে শহীদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ভাটিখাইন ইউনিয়নের একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন শহীদুল। কাজের একপর্যায়ে বাঁশের মইয়ের ওপর দাঁড়িয়ে ভবনের একটি অংশে রং করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন শহীদুল।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রূপা বড়ুয়া জানান, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শহীদুলকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।