বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। শনিবার (২৫ জুন) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্যে সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ যান চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে।
শুক্রবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো নির্দেশনায় অনুষ্ঠানস্থলের চারপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা কথা উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ইস্পাহানী মোড় থেকে কাজির দেউড়ি, সিআরবি কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, আটমার্সিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, নেভাল ক্রসিং মোড় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।
একই নির্দেশনায় অনুষ্ঠানে আগত যানবাহনসমূহ ইস্পাহানী মোড়, কাজির দেউড়ী, নেভাল ক্রসিং ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে এবং পরবর্তী প্রধান পার্কিং স্থান সিআরবি সড়কে ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পার্কিং করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছে সিএমপি। অনুষ্ঠান শেষে সড়ক আগের মতো উন্মুক্ত করে দেওয়া হবে।


