পর্যটকশূন্য সেন্টমার্টিনে সাড়ে ৯ হাজার বাসিন্দার মানবেতর জীবন

সরকারি নির্দেশনায় ১ নভেম্বর থেকে উন্মুক্ত হওয়ার পরও এখনো শুরু হয়নি সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল। টানা ১৬ দিন ধরে জাহাজ না চলায় পর্যটকশূন্য হয়ে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি। ফলে দ্বীপের সাড়ে ৯ হাজার মানুষের জীবনে নেমে এসেছে অভাব–অনটনের কঠিন বাস্তবতা।

হোটেল–মোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, ইজিবাইক—সবখানেই চলছে স্থবিরতা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, আয় নেই; কর্মচারীদের বেতন দেওয়া কঠিন। অনেক পরিবার দিন কাটাচ্ছে অনাহারে-অর্ধাহারে।

দ্বীপের ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “এখন দোকান ভাড়া তুলতে পারি না, পরিবার নিয়ে চলাই কষ্ট।” স্থানীয় ইজিবাইকচালক কেফায়েত জানান, সারাদিন গাড়ি চালিয়েও ব্যাটারির খরচ ওঠে না।

হোটেল-মোটেল মালিকদের সংগঠন জানিয়েছে, পর্যটকদের রাত্রীযাপন নিষিদ্ধ থাকায় কেউ দ্বীপমুখী হচ্ছে না। জাহাজও চলাচল করছে না, ফলে পর্যটন পুরোপুরি থমকে গেছে।

ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “মানুষের আয় বন্ধ হয়ে গেছে, অনেকেই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন। দ্রুত জাহাজ চলাচল শুরু না হলে বড় সংকট দেখা দেবে।”

পরিবেশগত বিধিনিষেধের মধ্যেও ডিসেম্বর থেকে আবার রাত্রীযাপনের সুযোগ মিলবে। সেক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে বলে আশা করছেন জাহাজ মালিকেরা।

মন্তব্য নেওয়া বন্ধ।