চাঁদের আলোয় সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে ঝরনা দেখতে গিয়ে পথ হারানো চার পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। ১৭ জনের একটি পর্যটক দলের চারজন দলছুট হয়ে হারিয়ে গেলে পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে তারা সহায়তা চান।
শুক্রবার (১৮ মার্চ) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় আমরা দলছুট চার পর্যটকসহ ১৭ জনের সবাইকে পন্থিছিলা এলাকার ঝরঝরি ঝরনা এলাকা থেকে উদ্ধার করেছি।
ওসি আবুল কালাম আজাদ বলেন, চাঁদের আলো ১৭ জন পর্যটক ঝরঝরি ঝরনা দেখতে সীতাকুণ্ডে আসেন। পন্থিছিলা পায়ে হেঁটে দুই ঘণ্টার দূরত্বে ওই ঝর্ণা। সবাই দিনের আলোতেই ওই এলাকা ঘুরে আসে।
পর্যটকদের বরাতে তিনি আরও বলেন, পূর্ণিমায় চাঁদের আলো, পাহাড়, ঝর্ণা দারুন একটা পরিবেশে তারা রাত যাপন করতে চেয়ে ছিলেন। কিন্তু ৪ জন দলছুট হয়ে পথ হারিয়ে ফেলেন। পরে বিষয়টি জেনে রাতেই স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে।


